দ্বিতীয় পর্বঃ কলকাতা টু জম্মু ভায়া দিল্লি
জম্মু-তাওয়াই কালকা মেইল(১২৩১২) (২৯/০৫/১৯) ২৯ তারিখ ঠিক সন্ধ্যা ৭ টা বেজে ৪০ মিনিটে ট্রেন নড়ে উঠলো । বুঝলাম হাওড়া ছাড়ার সময় হয়ে গেছে । আমরা দুই বন্ধু আমাদের নিজেদের আসনে বসে গেলাম । সবকিছু এতো সুন্দরভাবে হয়ে গেলো বলে খুব ভালো লাগছিলো । কলকাতা থেকে দিল্লি প্রায় ১৪৫০ কিলোমিটার । এই দূরত্ব অতিক্রম করতে কালকা মেইলের সময় লাগে প্রায় ২৫ ঘণ্টা । ট্রেন ছুটে চলছে, সেই সাথে চলছে আমাদের ক্রমপরিবর্তনশীল ট্যুরের প্ল্যানিং । ইন্ডিয়ার ট্রেনগুলোতে ভ্রমণ করতে আমার বরাবরই অসম্ভব ভালো লাগে । শুয়ে, বসে, আলস্যে, গল্পে, আড্ডায় পার হয়ে যায় সময়গুলো । এতো লম্বা সময়ে সহযাত্রী মানুষগুলোর সাথেও তৈরি হয় সখ্যতা । প্রতিটি ট্রেন ভ্রমণই আমার কাছে একেকটি গল্পের ঝাঁঁপি । ভালো লাগে ব্যাপারগুলো । যাহোক, গল্প সেদিনের মতো শেষ করে ঘুম দিলাম দুই বন্ধু । শেষ রাতে উঠে পার্সেল করে আনা খাবারটা খেয়ে নিলাম । এরপরে ফের ঘুম । এক ঘুমে সকাল দশটা । ঘুম ভেঙ্গেই বরং বিপদে পড়ে গেলাম । ট্রেন তখন বিহারের ভেতরে দিয়ে ছুটে চলেছে । আবহাওয়া মোটেও অনুকূলে মনে হচ্ছিলো না। বেশ গরম পড়ে গেছে । অমনিই নিজের সিটে পড়ে রইলাম । দ...