মেঘালয় সফরনামাঃ চতুর্থ পর্ব (চেরাপুঞ্জি)
মাউকডক ভ্যালী ভিউ পয়েন্ট সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেল থেকে বাইরে চলে এলাম । স্ট্রিট ফুড দিয়ে ব্রেকফাস্ট সারলাম তিনজন মিলে । লুচি জাতীয় কি যেনো খেয়েছিলাম । বেশ ভালোই লেগেছিলো খেতে । খেয়ে দেয়ে সেখানে থেকে আমাদের ট্যুরিস্ট বাসে গিয়ে উঠলাম । বাস আট টার দিকে মুভ করা শুরু করলো চেরাপুঞ্জি অভিমুখে । গত পর্বে এড করা চেরাপুঞ্জির ম্যাপটা আরেকবার দেখুন । ওই ম্যাপে উল্লেখ করা ৮ থেকে ১৪ নম্বরের স্থানগুলো দেখবো আজকে । আমাদের ট্যুরিস্ট বাস মাউকডক ভ্যালী ভিউ পয়েন্ট (Mawkdok Dympep Valley View Point): (১৮/০৮/১৮) বাস চলা শুরু করলো । বাসে নানান বয়সী,পেশার মানুষ ছিলো । আমাদের পাশে একটা নেপালি পরিবার যাচ্ছিলো । পরিবারের কর্তা ব্যক্তিটি ইণ্ডিয়ান পুলিশে জব করার সুবাদে পরিবারের সদস্যদের নিয়ে মেঘালয়ে স্থায়ী হয়ে গেছেন । ভদ্রলোকের পিচ্চি একটা মেয়ে ছিলো । মেয়েটা এতো মিষ্টি যে খাতির না জমিয়ে পারলাম না । মেয়েটার নাম ছিলো Samvabie. কিছুক্ষণ লেগেছিলো আমার এই নাম উচ্চারণ শিখতেই । অল্পতেই বেশ সখ্যতা গড়ে উঠেছিলো গোটা পরিবারের সাথেই । ট্রিপ শেষে পুলিশ ভদ্রলোক আমাদের নেপালে আমন্ত্রণ জানাল...