ষষ্ঠ পর্বঃ ট্রেক টু গুলমার্গ
গুলমার্গ, ফার্স্ট ফেজ শ্রীনগর টু গুলমার্গঃ পরদিন ঘুম থেকে উঠলাম সকাল আটটার দিকে । উঠে ফ্রেশ হয়ে রেডি হতে হতে সাড়ে নয়টা বেজে গেলো । চারজন রুম বুক রেখেই হোটেল থেকে বেড়িয়ে গেলাম । কারণ রুমটি রেট হিসেবে ভালো ছিলো । শ্রীনগর থেকে Gulmarg ৫৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত । যেতে সময় লাগে দেড় ঘণ্টা । ট্যাক্সি স্ট্যাণ্ড নির্ধারিত ভাড়া হলো ২৪৮৬ রুপী । আমি গতদিনের সাথে মিলিয়ে হিসেব করলাম, ৮৩ কিলোমিটারের জন্য যদি ভাড়া দেই ২০০০ রুপী (ফিক্সড ৩৪০৫), তাহলে ৫৩ কিলোমিটারের জন্য ভাড়া আসে প্রায় ১৫০০ রুপী(ফিক্সড ২৪৮৬) । আমি এই হিসেবে গাড়ি ঠিক করার কথা ভাবছিলাম । দুই একটা গাড়ির সাথে কথা বলে পজিটিভ সাইনও পেয়েছি । এরমধ্যেই দেখি সূর্য ভাই ১৮০০ রুপীতে গাড়ি ঠিক করে নিয়ে এসেছে । ধুরু ! শুধু শুধু খরচ বাড়ালো এই লোকটা । আমাকে ডিল করার সুযোগই দিলো না। কি আর করার, অমনি গাড়িতে চেপে বসলাম । সকাল দশটার দিকে যাত্রা শুরু করলাম । প্রসঙ্গত, বলে রাখা ভালো যে শ্রীনগর হলো কাশ্মীরের সেন্টার পয়েন্ট । আর বিভিন্ন ট্যুর স্পটগুলো সব শ্রীনগর থেকেই ভিন্ন ভিন্ন ডিরেকশনে চলে গেছে । এরমানে হলো আপনি যেখানেই যান না কেনো, শ...